মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক ৬০ শতাংশ হ্রাস পেল।
এনবিআর সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি এস.আর.ও নং ১৫-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী জারি করা হয়েছে।
একই সঙ্গে, দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে আলাদা আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এস.আর.ও নং ১৬-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ কমেছে।
দাম কমার সম্ভাব্য প্রভাব
এনবিআর জানায়, এই দুই প্রজ্ঞাপন জারির ফলে—
- ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা পর্যন্ত কমতে পারে
- ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ টাকা পর্যন্ত কমতে পারে
সরকার মনে করছে, মোবাইল ফোন আমদানি ও মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এর মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।
এনবিআর আরও জানায়, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখার লক্ষ্যে সরকারের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



