লিখেছেনঃ বাহারিন আক্তার অন্তরা
আগামী দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের প্রভাবে কাজের ধরন দ্রুত পরিবর্তিত হবে। এই সময়ে টিকে থাকার জন্য এবং ক্যারিয়ারে ভালো করার জন্য একজন ব্যক্তিকে টেকনিক্যাল জ্ঞান এবং মানবিক দক্ষতা —উভয়ের একটি চমৎকার সংমিশ্রণ গড়ে তুলতে হবে।
ফিউচার প্রুফ স্কিল কী?
ফিউচার প্রুফ স্কিল বলতে এমন সব দক্ষতাকে বোঝায় যা আগামী দিনগুলোতে, বিশেষ করে প্রযুক্তিগত বিপ্লব (যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং অটোমেশন)-এর যুগেও অকেজো হবে না বরং যার চাহিদা দিন দিন বাড়বে। সহজ কথায়, প্রযুক্তি বা রোবট যে কাজগুলো সহজে করতে পারে না, অথচ মানুষের জন্য সেগুলো গুরুত্বপূর্ণ দক্ষতা—সেগুলোই হলো ফিউচার প্রুফ স্কিল।
ফিউচার প্রুফ স্কিল কোনগুলো?
সাধারণত যেসব স্কিল ভবিষ্যতে মানুষের জন্য সকল ক্ষেত্রে আবশ্যকীয় বলে বিবেচিত হবে এবং যে স্কিল তাদেরকে AI থেকে পৃথক রাখবে সেসব স্কিল কে ফিউচার প্রুফ স্কিল বলে। AI -এর যুগে নিজেকে টিকিয়ে রাখার জন্য এসব স্কিল খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে ফিউচার প্রুফ স্কিল নিয়ে আলোচনা করা হলোঃ
১. ফিনান্সিয়াল লিটারেসি
ফিনান্সিয়াল লিটারেসি বলতে আর্থিক বিষয় সম্পর্কে স্বাক্ষরতা থাকাকে বোঝায়। অর্থাৎ, আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে ফিনান্সিয়াল লিটারেসি বলে। সহজ কথায়, এর মানে হলো অর্থকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা।
২. সৃজনশীল দক্ষতা
বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতেকটি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন এর প্রয়োজন পড়ছে। গ্রাহকদের চাহিদার ধরন বদলাচ্ছে। তাই প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই সৃজনশীলভাবে চিন্তা করতে হচ্ছে। যেই প্রতিষ্ঠান এর সৃজনশীল দক্ষতা বেশি তারাই মূলত প্রতিযোগিতায় এগিয়ে।
২. বহিঃপ্রকাশগত সাবলীলতা
সাধারণত যখন একজন ব্যক্তি তার মনের ভাবকে সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে তখন তাকে বহিঃপ্রকাশগত সাবলীলতা বলে। এক্ষেত্রে ব্যক্তির নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশকে বোঝায়।
৩. সিদ্ধান্তগ্রহণের সাবলীলতা
যখন ব্যক্তি যেকোনো পরিস্থিতিতে নিজের বিচার – বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তখন তাকে সিদ্ধান্তগ্রহণের সাবলীলতা বলে। এটি হলো ব্যক্তির দ্রুত, আত্মবিশ্বাসের সাথে এবং কার্যকরভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
৪. নমনীয়তা
এটি কোনো নির্দিষ্ট নিয়মের বা কাঠামোর সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে নিজের মতো করে চিন্তা করার ক্ষমতা। এর ফলে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে নিজের মতো করে মানিয়ে নিতে পারে এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারে।
৫. মৌলিকত্ব
মৌলিকত্ব হলো এমন একটি গুণ যা নিজে থেকে তৈরি হয়। অর্থাৎ, অন্য কারও কোনো কাজ বা গুণকে নকল না করে নিজ থেকে কিছু করা বা নিজের চিন্তার দ্বারা কিছু তৈরি করাকে মৌলিকত্ব বলে।
৬. স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করার দক্ষতা
স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করার দক্ষতা বলতে একজন ব্যক্তি যখন কোনো একটি কাজ বা কোনো একটি ক্ষমতা সম্পর্কে সংকীর্ণভাবে না ভেবে এর বিস্তৃতরূপ নিয়ে ভাবে এমন অবস্থাকে বোঝায়। এর মাধ্যমে, একটি সমস্যার প্রাথমিক রূপরেখা থেকে সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান বের করা যায়, অথবা সামান্য উপকরণ ব্যবহার করে নতুন কিছু তৈরি করা যায়।
৭. ডিজাইন থিংকিং সম্পর্কে জ্ঞান
সাধারণত বর্তমানে পৃথিবীর অনেক উদ্ভাবনী কোম্পানি ডিজাইন থিংকিং এর ধারণা ব্যবহার করে থাকে। একুশ শতকে এসে ডিজাইন থিংকিং প্রায় সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে এবং এর ব্যাপ্তি কমবে না বরং আরও বাড়বে। তাই একজন ডিজাইনার, একজন প্রোডাক্ট ম্যানেজারের এমনকি একজন সাধারণ মানুষেরও ডিজাইন থিংকিং সম্পর্কে জানা জরুরি।
৮. সফট স্কিল
এখন প্রতিযোগিতামূলক বিশ্বে হার্ড স্কিল এর পাশাপাশি সফট স্কিল জায়গা করে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে হার্ড স্কিল এর প্রায়োজন না হলেও সফট স্কিল এর প্রয়োজনীয়তা রয়েছে। এটি ব্যক্তির নন টেকনিক্যাল দক্ষতা যা মন (আবেগ) এবং মস্তিষ্ক (যুক্তি) উভয়ের সমন্বয়ে কাজ করে। সফট স্কিল হচ্ছে ব্যক্তির মনস্তাত্বিক ও বুদ্ধিভিত্তিক বিষয়। এখানে কোনো যন্ত্রপাতির দরকার পরে না।
৯. পরিকল্পনা প্রণয়নের দক্ষতা
একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব কোনো কাজ করার পূর্বে সে কাজের একটি পরিকল্পনা তৈরি করা হয়। অর্থাৎ, ভবিষ্যতে কী করা হবে তা আগাম ঠিক করাই হচ্ছে পরিকল্পনা। তবে শুধু কী করা হবে তার সিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা হিসেবে না দেখে কখন ও কোথায় করা হবে, কত সময়ের মধ্যে করতে হবে, কে বা কারা সেটি সম্পাদন করবে ইত্যাদি প্রয়োজনীয় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পরে।
১০. নেতৃত্বদানের দক্ষতা
নেতৃত্ব হলো তার অনুসারীদের কাজকে অভিষ্ট লক্ষ্য অর্জনে নির্দেশনা দেওয়া। যিনি বা যারা এরূপ নির্দেশনা দিয়ে থাকেন তাকে বা তাদেরকে নেতা বলা হয় থাকে। নেতৃত্ব একটি দল, সংগঠন বা সমাজের জন্য অপরিহার্য, কারণ এটি কর্মীদের একত্রিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে। নেতৃত্ব ছাড়া যেকোনো প্রচেষ্টা বিশৃঙ্খল ও লক্ষ্যভ্রষ্ট হতে পারে।
১১. লক্ষ্য অর্জনের দক্ষতা
একজন ব্যক্তি তার পরিকল্পনা অনুযায়ী তার কাজকে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সে তার কাজ ঠিক কিভাবে, কখন, কতটুকু সময় করলে লক্ষ্য অর্জন হবে টা সে নিজেই নিজের দক্ষতার মাধ্যমে নির্ধারণ করেন।
১২. যোগাযোগের দক্ষতা
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ থেকে নানান কর্মকান্ডের মধ্য দিয়েই মানুষকে চলতে ও জীবন- জীবিকা নির্বাহ করতে হয়। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনেক মানুষ একত্রে কাজ করে। নানা প্রয়োজনেই তাদের মধ্যে যোগাযোগ আবশ্যক। বাইরের বিভিন্ন পক্ষের সাথেও যোগাযোগ করতে হয়। সমাজে চলতে ফিরতে সর্বত্রই যোগাযোগ আবশ্যক। তাই যোগাযোগ বিষয়ক জ্ঞান প্রতেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ন।
১৩. সুসম্পর্ক তৈরি ও বজায় রাখার দক্ষতা
সমাজে প্রতেকটা ব্যাক্তিই কোনো না কোনোভাবে একে ওপরের উপর নির্ভরশীল। তাই তাদের সর্বক্ষেত্রেই একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। এটি যেমন কোনো কার্যক্ষেত্রেও একটি প্রয়োজনীয় দক্ষতা তেমনি, ব্যক্তির ব্যক্তিগত জীবনেও এই দক্ষতা সমান গুরুত্ব বহন করে।
১৪. দলগত কাজের দক্ষতা
কোনো একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি দল গঠন করা হয়। ঐদলের কাজকে যথাযথভাবে নেতৃত্ব দেওয়া, দলের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা, কোনো সমস্যার সমাধান করা, নেতৃত্ব দেওয়া, অধস্তন যারা আছেন তাদেরকে প্রেষণা দেওয়া, কাজটি ঠিক মতো হচ্ছে কিনা তদারক করা ইত্যাদি সকল কার্যাবলী ব্যক্তির মানসিক দক্ষতার সাথে জড়িত।
১৫. টাইম ম্যানেজমেন্ট এর দক্ষতা
টাইম ম্যানেজমেন্ট একটি অতি গুরুত্বপূর্ণ স্কিল। সাধারণত একটি ব্যক্তির সকল কাজ সময়কে ঘিরেই আবর্তিত হয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যক্তিকে নির্দিষ্ট কাজকে সফল করতে হয়। তাই কাজটি ঠিক কতটুকু সময় নিয়ে করতে হবে, কখন কিভাবে করতে হবে ইত্যাদি বিষয়গুলো টাইম ম্যানেজমেন্ট করে করতে হয়।
১৬. সমস্যা সমাধানের দক্ষতা
এখন এই উদ্ভাবনী বিশ্বে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রে। এসব সমস্যা এবং চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়ে তার সঠিক ও উপযুক্ত সমাধান বের করা ফিউচার প্রুফ দক্ষতার এর অন্তর্ভূক্ত।
১৭. মানিয়ে নেওয়ার দক্ষতা
কর্মক্ষেত্রে নতুন পরিস্থিতি এবং পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করা একটি অপরিহার্য দক্ষতা। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে কাজের ধরণও দ্রুত বদলায়। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করা কঠিন।
১৮. সমালোচনামূলক দক্ষতা
সমালোচনামূলক দক্ষতা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি বিষয় নিয়ে ভাবা, চিন্তা করা, ভালো-খারাপ দিক বিবেচনা করা হয়। এর ফলে সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি ভালো হবে নাকি খারাপ সেই দিকটিও বুঝতে পারা যায়। বিষয়টির অতীত ইতিহাস পর্যালোচনা করার মাধ্যমে তা বাস্তবে খতিয়ে দেখা সম্ভব কিনা সেটি বোঝা যায়। আমরা যুক্তির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।
১৯. জটিলভাবে চিন্তা করা
জটিলভাবে চিন্তা করো একটি মানসিক দক্ষতা। এক্ষেত্রে, কোনো একটি বিষয় বা সমস্যা নিয়ে গভীর ভাবে চিন্তা করতে হবে। এক্ষেত্রে আপনি কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত বিষয় চিন্তা করে এর সুবিধা- অসুবিধাগুলো চিহ্নিত করে এর প্রতিকার বিধান করতে পারেন।
২০. বিক্রয় দক্ষতা
একজন ব্যক্তি যে ব্যবসায়ই করুক না কেন তাকে কিছু না কিছু বিক্রয় করতে হবে। হোক তা কোনো পণ্য, সেবা , মূল্যবান ও সহায়ক কিছু তথ্য। তাই একজন ব্যক্তিকে ব্যবসায় করতে যেয়ে তার গ্রাহক খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে পণ্য, সেবা বা তথ্য বিক্রয় করতে হবে। তাই এক্ষেত্রে বিক্রয় দক্ষতা থাকা জরুরি।
২১. AI এন্ড Machine লার্নিং
বর্তমান সময়ে একটি ব্যাপক জায়গা জুড়ে রয়েছে AI। প্রায় প্রত্যেকটি প্রযুক্তিগত ক্ষেত্রে AI ব্যতীত কোনো কাজ করা কল্পনার বাইরে। তাই আজ থেকে ৫/১০ বছর পরে যে ভালো AI এর ব্যাপারে কাজ জানবে সে সবচেয়ে ভালো অবস্থানে থাকবে। ভবিষ্যতের চাকরির বাজারে সবচেয়ে বড় চাহিদা হবে এই সেক্টরে।
২২. ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য ও সেবা প্রচার এবং বিক্রির একটি আধুনিক কৌশল। এটি আজকের যুগে ব্যবসায়িক সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। ই-কমার্স, সোশ্যাল মিডিয়া, এবং ডিজিটাল বিজ্ঞাপনের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে ডিজিটাল মার্কেটিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২৩. পাবলিক স্পিকিং
নিজেকে প্রকাশ করার ক্ষমতা সবার নেই। কিন্তু যাদের আছে, তারাই সবার সামনে থাকে। বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন, ক্লাস রুমে আলোচনা, কিংবা স্টুডেন্টদের সামনে বক্তৃতা দেওয়ার সময় পাবলিক স্পিকিং স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ কেন প্রত্যেক তরুণ পেশাজীবীর অল্প বয়সে বিনিয়োগ শুরু করা উচিত
কীভাবে ফিউচার প্রুফ দক্ষতা অর্জন করা যায়?
ফিউচার প্রুফ দক্ষতা অর্জন করার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন ও প্রচেষ্টা। এটি পেশাগত এবং ব্যক্তিগত উভয় জীবনে সফলতা এনে দিতে পারে। এটি রাতারাতি অর্জিত হয় না, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিম্নে ফিউচার প্রুফ দক্ষতা অর্জন করার কয়েকটি উপায় দেওয়া হলোঃ
১. বই পড়ে
ফিউচার প্রুফ দক্ষতা অর্জন করার জন্য একটি ভালো উপায় হচ্ছে বই পড়া। সাধারণত বই পড়ে ব্যক্তি ওই বইয়ের চরিত্রগুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারে। ফলে উদ্ভুত পরিস্থিতিতে কি করণীয় সে সম্পর্কে তার একটি ধারণা জন্মে। তাই বেশি বেশি বই পড়ার মাধ্যমে বিভিন্ন দক্ষতা অর্জন করা সম্ভব। তবে অবশ্যই মনযোগী হয়ে বই পড়তে হবে।
২. নেতিবাচক চিন্তা পরিহার করে
ফিউচার প্রুফ দক্ষতা বর্তমান পরিবর্তনশীল বিশ্বের জন্য একটি অপরিহার্য বিষয়। তাই একজন ব্যক্তি যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করেন তখন তার মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। যেমন- সকলে তার এই ধারণা কিভাবে গ্রহন করবে, ইতিবাচক হবে কিনা ইত্যাদি। তাই একজন ব্যক্তি যখন ভালো কিছু করার জন্য অগ্রসর হবেন তখন তাকে নেতিবাচক চিন্তা পরিহার করতে হবে। নয়তো কাজটি কখনোই তার লক্ষ্যপানে পৌঁছাতেই পারবে না।
৩. নতুন কিছু জানার চেষ্টা
পরিবর্তনশীল বিশ্বে এখন অনেক কিছুই ঘটছে। যা সম্পর্কে আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। তবেই এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দক্ষতাগুলোকে আরও উন্নত করতে পারব।
৪. ডিজাইন থিংকিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা
ডিজাইন এমন একটি পদ্ধতি যা গ্রাহক বা ব্যবহারকারীর কথা ভেবে তাদের চাহিদানুযায়ী প্রত্যেকটি পণ্য বা সেবা তৈরি করে থাকে। এখানে ব্যবহারকারীর চাহিদা এবং তাদের সুবিধার কথা মাথায় রেখে কাজ করা হয়। এখন প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান ও সেবাদানকারী প্রতিষ্ঠানেও এই ডিজাইন থিংকিং এর ধারণা ব্যবহার করা হয়।
৫. সৃজনশীল দক্ষতার নিয়মিত অনুশীলন
সৃজনশীলতা শেখার বিষয়টি হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। যদি সৃজনশীলতা শেখার জন্য আমরা কয়েকদিন চর্চা করেই বিরতি নিয়ে নিই তবে এটি যথাযথভাবে অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ধারাবাহিক চর্চা ও গভীর অনুশীলন। উদাহরণস্বরূপ, দৈনন্দিন জীবনে আসা ছোট ছোট সমস্যাগুলো নিয়ে ভাবা, এগুলোর সমাধান বের করা ইত্যাদি।
৬. সময়কে কাজে লাগানো
সময় হচ্ছে বহমান স্রোত। তাই এ সময়কে আলসেমি করে না কাটিয়ে তার যথাযথ ব্যবহার করতে হবে। এ সময়কে বিভিন্ন দক্ষতা শেখার জন্য কাজে লাগানো যেতে পারে। যেমন – প্রতিদিনের রুটিনে কিছু সময় পাবলিক স্পিকিং অথবা অন্যান্য দক্ষতা চর্চার জন্য বরাদ্দ করা যেতে পারে।
৭. মাল্টিটাস্কিং এড়িয়ে চলা
কোনো একটি কাজ করার সময় বা দক্ষতার সাথে কিছু করার সময় অন্য কোনো কাজ করা বিরত থাকতে হবে, একটি কাজেই মনোযোগ দিতে হবে।এতে মস্তিষ্ক সেই কাজের জন্য দ্রুত কাজ করতে পারবে,চাপ ছাড়া কাজটি সম্পন্ন করা যাবে, নির্ভুলভাবে কাজটি শেষ হবে।
AI বা অটোমেশন এবং ফিউচার প্রুফ স্কিল এর পার্থক্য
AI (Artificial Intelligence) বা অটোমেশন এবং ফিউচার প্রুফ স্কিল দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সহজ কথায়, AI/অটোমেশন হলো প্রযুক্তির শক্তি, আর ফিউচার প্রুফ স্কিল হলো মানুষের অপরিহার্য যোগ্যতা যা এই প্রযুক্তির যুগে টিকে থাকতে সাহায্য করে। নিচে বিস্তারিত পার্থক্য সম্পর্কে আলোচনা করা হলোঃ
| বৈশিষ্ট্য | Ai বা অটোমেশন | ফিউচার প্রুফ স্কিল |
| সংজ্ঞা | এটি হলো এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে। | এমন মানবিক দক্ষতা যা কোনো মেশিন বা সফটওয়্যার নকল করতে পারে না। |
| কাজের ধরন | পুনরাবিত্তিমূলক, গাণিতিক এবং ডেটা নির্ভর কাজ। | সৃজনশীল, কৌশলগত এবং আবেগী বুদ্ধিমত্তা নির্ভর কাজ। |
| উদাহরণ | ডেটা এন্ট্রি, চটবোট সাপোর্ট, কোড জেনারেশন, ইনভয়েস প্রোসেসিং। | ক্রিটিক্যাল থিংকিং, টিম লিডারশিপ, জটিল সমস্যা সমাধান, সহানুভূতি। |
| উদ্দেশ্য | কাজের গতি বাড়ানো এবং মানুষের কায়িক পরিশ্রম কমানো। | প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। |
ফিউচার প্রুফ স্কিল কেনো গুরুত্বপূর্ন?
বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ‘ফিউচার প্রুফ স্কিল’ বা ভবিষ্যৎ-বান্ধব দক্ষতা অর্জন করা কেবল একটি বাড়তি যোগ্যতা নয়, বরং এটি টিকে থাকার জন্য অপরিহার্য। প্রযুক্তির বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উত্থানের ফলে কাজের ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে। নিম্নে এর গুরুত্বগুলো তুলে ধরা হলোঃ
১. ব্যক্তিগত ও পেশাগত সাফল্য
শিক্ষাজীবন থেকে শুরু করে পেশাদার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে ফিচার প্রুফ স্কিল সাফল্যের পূর্বশর্ত। এর ফলে কর্মক্ষেত্রে একজন চিন্তাবিদ দ্রুত শিখতে পারে, জটিল প্রজেক্ট পরিচালনা করতে পারে এবং সৃষ্টিশীল সমাধান দিতে পারে। এটি তাকে সহকর্মীদের মধ্যে নেতৃত্ব দিতে এবং নিজের মতামতকে জোরালোভাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
২. সুনাগরিক হিসেবে ভূমিকা পালন
একটি সুস্থ ও কার্যকরী গণতান্ত্রিক সমাজের জন্য ফিউচার প্রুফ স্কিল অপরিহার্য। এটি নাগরিককে রাজনৈতিক বক্তব্য, নীতির ঘোষণা এবং জনমতকে প্রশ্ন করতে শেখায়।
৩. লক্ষ্য অর্জনে সহায়ক
ফিউচার প্রুফ স্কিলগুলো লক্ষ্য অর্জনের পথে অনেকটা Swiss Army Knife বা বহুমুখী হাতিয়ারের মতো কাজ করে। বর্তমানের অস্থির এবং দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে প্রথাগত কোনো একটি স্কিল দিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করা কঠিন।
ফিউচার প্রুফ স্কিল (যেমন: ক্রিটিক্যাল থিংকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাডাপ্টাবিলিটি) কোনো লক্ষ্য বা গোল অর্জনে সরাসরি সহায়তা করে।
৪. গ্লোবাল কম্পিটিশন বা বৈশ্বিক প্রতিযোগিতা
ইন্টারনেট এবং রিমোট জবের কারণে এখন প্রতিযোগিতা শুধু নিজ শহরের মানুষের সাথে নয়, বরং সারা বিশ্বের দক্ষ মানুষের সাথে। নিজেকে অন্যদের চেয়ে আলাদা এবং যোগ্য প্রমাণ করতে প্রথাগত ডিগ্রির চেয়ে ফিউচার প্রুফ স্কিলগুলো (যেমন- ক্রস-কালচারাল কম্পিটেন্স বা বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে কাজ করার দক্ষতা) বেশি কার্যকর ভূমিকা রাখে।
৫. চাকরিতে টিকে থাকা ও পদোন্নতি
কর্মক্ষেত্রে সহকর্মী, ক্লায়েন্ট বা বসের সাথে সুসম্পর্ক, সমস্যা সমাধান এবং দলবদ্ধভাবে কাজ করার জন্য ফিউচার প্রুফ স্কিল অপরিহার্য। পদোন্নতি এবং নেতৃত্বের অবস্থানে পৌঁছানোর জন্য এই দক্ষতাগুলি বিশেষভাবে প্রয়োজন।
৬. কর্মক্ষেত্রে সম্পর্ক তৈরি
ফিউচার প্রুফ স্কিল একজন ব্যক্তিকে সহকর্মীদের সাথে কার্যকর আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, যা একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করে এবং কাজের উৎপাদনশীলতা বাড়ায়।
৭. নেতৃত্বের জন্য অপরিহার্য
একজন ভালো নেতা হওয়ার জন্য কেবল টেকনিক্যাল জ্ঞান থাকলেই চলে না; সক্রিয় শ্রবণ, সহানুভূতি, সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং দলের মধ্যে অনুপ্রেরণা জাগানোর মতো ফিউচার প্রুফ স্কিল দরকার।
উপসংহার
সহজ কথায়, ফিউচার-প্রুফ দক্ষতা অর্জন কেবল ক্যারিয়ারে এগিয়ে থাকার কৌশল নয়, বরং এটি বর্তমান যুগে টিকে থাকার অন্যতম শর্ত। পৃথিবী যত দ্রুত পাল্টাচ্ছে, আমাদের অর্জিত পুরনো দক্ষতাগুলোও তত দ্রুত মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে।
তাই পরিবর্তনের সাথে ভয় না পেয়ে, ‘আজীবন শেখার’ (Lifelong Learning) মানসিকতা তৈরি করাই হলো বুদ্ধিমানের কাজ।
সাধারণ প্রশ্ন ও উত্তর
১. ফিউচার প্রুফ স্কিল কী?
উত্তরঃ সাধারণত যেসব দক্ষতা AI এবং অটোমেশন করতে পারে না এবং ভবিষ্যতের জন্য আবশ্যকীয় মানবিক দক্ষতা সেগুলোই ফিউচার প্রুফ স্কিল।
২. ফিনান্সিয়াল লিটারেসি কী?
উত্তরঃ আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে ফিনান্সিয়াল লিটারেসি বলে।
৩. সৃজনশীল দক্ষতা কী?
উত্তরঃসৃজনশীলতা হলো এমন একটি ক্ষমতা বা প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন এবং মূল্যবান কোনো ধারণা, সমাধান, বা জিনিস সৃষ্টি করা যায়।
৪. নমনীয়তা কী?
উত্তরঃ চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে কোনো প্রচেষ্টাকে লক্ষ্য অভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে।
৫. স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করার দক্ষতা কাকে বলে?
উত্তরঃ কোনো নির্দিষ্ট নিয়মের বা কাঠামোর সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে নিজের মতো করে চিন্তা করার ক্ষমতাকে স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করার দক্ষতা বলে।
৬. ডিজাইন থিংকিং কী?
উত্তরঃ ডিজাইন থিংকিং হচ্ছে একধরনের দর্শন যা সমস্যা কোনো সমস্যাকে সৃজনশীলভাবে সমাধান করতে সাহায্য করে।
৭. টাইম ম্যানেজমেন্ট কী?
উত্তরঃ কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একটি রুটিন তৈরি করে করে কাজটিকে ভাগ করাকে টাইম ম্যানেজমেন্ট বলে।
৮. সমালোচনামূলক দক্ষতা কী?
উত্তরঃ সমালোচনামূলক দক্ষতা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি বিষয় নিয়ে ভাবা, চিন্তা করা, ভালো-খারাপ দিক বিবেচনা করা হয়।
৯. বিক্রয় দক্ষতা কী?
উত্তরঃ বিক্রয় দক্ষতা বলতে সেইসব কৌশল, জ্ঞান এবং সক্ষমতাকে বোঝায় যা একজন বিক্রয়কর্মীকে গ্রাহক আকর্ষণ করতে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে এবং সফলভাবে পণ্য বা সেবা বিক্রি করতে সাহায্য করে।
১০. ফিউচার প্রুফ স্কিল কেনো গুরুত্বপূর্ন?
উত্তরঃ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও কর্মজগতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে এবং পেশাগত টিকে থাকা নিশ্চিত করতে ফিউচার প্রুফ স্কিল অপরিহার্য।



