তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
তিনি জানান, মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা করেছে।
তবে দুই পক্ষের এই প্রস্তাব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষ নতুন করে তৃতীয় দফার সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী আলোচনা হবে।
সৈয়দ আজাদ সুবহানি জানান, প্রয়োজন হলে রাত ৯টা পর্যন্ত বৈঠক চলবে। দিনের আলোচনায় ন্যূনতম মজুরি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে পোশাক শ্রমিকদের একটি অংশ মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এরই মধ্যে মালিক ও শ্রমিকপক্ষের পাল্টাপাল্টি প্রস্তাবকে কেন্দ্র করে ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনা নতুন পর্যায়ে পৌঁছেছে।




