নতুন ব্যবসার আইডিয়া আছে, কিন্তু অর্থের অভাবে এগোতে পারছেন না? প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য এমন একটি সুযোগ তৈরি করেছে সরকার। নতুন নীতিমালার আওতায় স্টার্টআপগুলোকে ১ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
গত ১২ নভেম্বর ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এতে শুধু প্রতিষ্ঠিত ব্যবসা নয়, একেবারে নতুন ধারণা থেকে শুরু করে পণ্যের নমুনা তৈরি এবং বিনিয়োগের প্রস্তুতি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
কোন পর্যায়ে কত টাকা?
- নতুন ব্যবসার ধারণা নিয়ে কাজ শুরু করতে ১–৩ লাখ টাকা।
- পণ্যের প্রাথমিক নমুনা বা এমভিপি তৈরিতে ৩–১০ লাখ টাকা।
- ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের প্রস্তুতিতে ১০–৩০ লাখ টাকা।
- বিশেষ উদ্ভাবনী উদ্যোগে সর্বোচ্চ ৫০ লাখ টাকা।
বাংলাদেশি উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাও আবেদন করতে পারবেন। তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা, ফিনটেক, জলবায়ু, জ্বালানি, পরিবহন ও উৎপাদনশিল্পসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে অর্থ একবারে দেওয়া হবে না। নির্ধারিত লক্ষ্য ও কাজের অগ্রগতি যাচাই করে কয়েক ধাপে অনুদান ছাড় করা হবে। আবেদনকারীদের উদ্যোগের নতুনত্ব, বাজারের সম্ভাবনা, প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্যোক্তা দলের দক্ষতা মূল্যায়ন করা হবে।
শুধু অর্থায়ন নয়, নির্বাচিত উদ্যোক্তারা অভিজ্ঞ পরামর্শক, বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সহায়তা পাবেন। এ জন্য একটি ‘ন্যাশনাল স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম’ তৈরির পরিকল্পনাও রয়েছে।
তবে এখনো আবেদনের শেষ তারিখ ও অনলাইন প্ল্যাটফর্মের ঠিকানা প্রকাশ করা হয়নি। বিস্তারিত পরবর্তী সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হবে।




