লেখকঃ অভিষেক ধর
বাংলাদেশের একজন সাধারণ চাকুরিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ী, যার চোখে থাকে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন। জীবনের সমস্ত সঞ্চয়ের অর্থ দিয়ে একটা নিশ্চিত ভবিষ্যত গড়ার আশায় তিনি যখন বিনিয়োগের কথা ভাবেন, তখন শেয়ারবাজারের আকর্ষণীয় জগৎ তাকে হাতছানি দেয়। খবরের কাগজে তালিকাভুক্ত কোম্পানির মুনাফা বৃদ্ধির খবর, টেলিভিশনে সূচকের ঊর্ধ্বগতির ঝিলিক আর পরিচিতদের মুখে শেয়ার থেকে রাতারাতি লাভবান হওয়ার গল্প—এই সবকিছু মিলে এক সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই সম্ভাবনা মিথ্যা নয়। শেয়ারবাজার — যার নাম শুনলেই সবাই ভাবেন টাকা এবং লাভের এক অদ্ভুত দুনিয়া। দেশের বড় বড় কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ, দীর্ঘমেয়াদি মুনাফা, আর্থিক স্বাধীনতার স্বপ্ন — সবই যেন এখানেই সম্ভব। কিন্তু এই স্বপ্নের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতাঃ প্রতারণা ও কারসাজির ফাঁদ।
বাংলাদেশের শেয়ারবাজারের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য যতটা না সম্ভাবনার, তার চেয়ে বেশি বার হয়ে উঠেছে পুঁজি হারানোর এক ফাঁদ। বিভিন্ন সময়ে বাজার কেলেঙ্কারির ঘটনা বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নিয়ে গেছে । বছরের পর বছর নানা কেলেঙ্কারি সাধারণ বিনিয়োগকারীর আস্থায় আঘাত হেনেছে। প্রতারকরা একের পর এক নতুন কৌশল বের করছে—কখনও প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে, কখনও আবার ডিজিটাল জগতে ভুয়া পরামর্শদাতা বা ‘বিশেষজ্ঞ’ সেজে। তাদের লক্ষ্য একটাইঃ বিনিয়োগকারীর অজ্ঞতা, আবেগ আর লোভকে কাজে লাগিয়ে কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া। এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে—শেয়ারবাজারের প্রচলিত প্রতারণার ধরন, তাদের কার্যপ্রণালী, এবং কীভাবে একজন সচেতন বিনিয়োগকারী এসব ফাঁদ চিনে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।
প্রতারণার ছকঃ পুরনো কৌশলের নতুন রূপ
প্রতারকরা কখনও পুরনো ফাঁদে নতুন মোড়ক লাগায়, কখনও আবার প্রযুক্তির সহায়তায় আরও সূক্ষ্ম জাল তৈরি করে। চলুন দেখি শেয়ারবাজারে প্রতারণার কয়েকটি বহুল প্রচলিত ধরন—
মূল্য কারসাজি (Price Manipulation) – পাম্প অ্যান্ড ডাম্পের খেলাঃ
শেয়ারবাজারের সবচেয়ে পুরনো ও মারাত্মক কৌশল এটি। এখানে প্রতারকরা প্রথমে কোনো দুর্বল বা কম পরিচিত কোম্পানির শেয়ার সস্তায় কিনে নেয়। এরপর শুরু হয় একের পর এক অভিনব প্রচারণাঃ
“এই কোম্পানির ভবিষ্যৎ উজ্জ্বল!”, “বড় চুক্তি পেতে যাচ্ছে!”, “দ্রুত দাম বাড়বে!”
ভুয়া নিউজ, ফেসবুক পোস্ট কিংবা মুখে মুখে ছড়ানো গুজবে দাম বাড়তে থাকে। এই ‘পাম্প’ পর্যায়ে সাধারণ বিনিয়োগকারীরা অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। একে অন্যের দেখাদেখি কিনতে থাকেন শেয়ার। তারপর প্রতারক দল সব শেয়ার বিক্রি করে পালায় — অর্থাৎ শুরু হয় ‘শেয়ার ডাম্পিং’। দাম ধসে পড়ে, সাধারণ বিনিয়োগকারীরা হারান সবকিছু। সিরিয়াল ও সার্কুলার ট্রেডিং-ও এই কারসাজির আরেক রূপ, যেখানে প্রতারক চক্র নিজেদের মধ্যে বারবার শেয়ার লেনদেন করে কৃত্রিম চাহিদা ও অস্বাভাবিক সেলস ভলিউম তৈরি করে।
ইনসাইডার ট্রেডিং – কোম্পানির ভেতরের খবরের অপব্যবহারঃ
স্ক্যাম ১৯৯২ সিরিজে হার্শা মেহতার কথা মনে আছে? স্ট্রাগল করতে থাকা হার্শা কিভাবে হুট করে শেয়ার মার্কেট এর বিগ বুল হয়ে উঠে? কিভাবে সে বিভিন্ন কোম্পানির ইম্পর্ট্যান্ট ইনফরমেশন জেনে শেয়ার কিনে নিতো বা বিক্রি করে দিত? এটাকেই বলে ইনসাইডার ট্রেডিং। যখন কোম্পানির অভ্যন্তরীণ কেউ—পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী— কনফিডেন্সিয়াল এবং গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে আগে থেকেই শেয়ার কেনেন বা বিক্রি করেন, তখন সেটিই ইনসাইডার ট্রেডিং। এসব তথ্য সাধারণত কোম্পানির ফাইনান্সিয়াল কোনো ডিসিশনের সাথে কানেক্টেড থাকে যা রেভিনিউ বাড়া বা কমার উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি যদি বড় চুক্তি পেতে যাচ্ছে বা লাভ হঠাৎ বেড়ে যাবে—এই তথ্য প্রকাশের আগেই তারা শেয়ার কিনে রাখেন। খবর প্রকাশের পর দাম বাড়লে বিক্রি করে দেন। এটি শুধু অনৈতিক নয়, আইনত অপরাধও বটে।
ব্রোকারেজ হাউজের জালিয়াতি – বিশ্বাসঘাতকতার সবচেয়ে ভয়াবহ রূপঃ
বিনিয়োগকারীরা যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, কখনও কখনও তারাই হয়ে ওঠেন প্রতারক। কিছু অসাধু ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীর অনুমতি ছাড়াই শেয়ার বিক্রি করে দেয় বা তাদের অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করে। এতে বিনিয়োগকারীর অর্থের পাশাপাশি ভেঙে যায় আস্থার ভিত্তিও। সাম্প্রতিক বছরগুলোতে শেয়ার মার্কেট নিয়ন্ত্রক সংস্থা এ ধরনের বেশ কিছু হাউজের কার্যক্রম স্থগিত করেছে।
ডিজিটাল ফাঁদ – হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শেয়ারবাজারের ধসঃ
ডিজিটাল যুগের প্রতারণার অংশ হিসেবে এখন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা টেলিগ্রামে “ফ্রি ইনভেস্টমেন্ট টিপস” বা “১০০% লাভের নিশ্চয়তা” দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হয়। আগ্রহীরা যোগ দেন গ্রুপে, যেখানে এক “বিশেষজ্ঞ” পরামর্শ দেন—আর তার সহযোগীরা ভুয়া লাভের স্ক্রিনশট দিয়ে বিশ্বাস তৈরি করে। তারপর আসে মূল ফাঁদঃ “নির্দিষ্ট কোনো একটা শেয়ারকে হাইলাইট করে বলা হয় এটা কিনলেই তিনগুণ লাভ!” বিনিয়োগকারীরা কিনে ফেলেন, প্রতারক চক্র বিক্রি করে পালায়, দাম পড়ে যায়, গ্রুপ উধাও হয়ে যায়।
নিজেকে বাঁচানোর কৌশলঃ সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র
শেয়ারবাজারের জটিল পরিবেশে নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি বিনিয়োগকারীদের নিজেদেরও সচেতন ও সতর্ক থাকতে হবে। জ্ঞান, সতর্কতা এবং সঠিক কৌশলই হতে পারে পুঁজি রক্ষার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু কিভাবে নিজের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা যায়? চলুন দেখে নেয়া যাকঃ
ধাপ ১ঃ নিজেকে শিক্ষিত করুন
অন্যের পরামর্শে নয়, নিজের বোঝাপড়ায় বিনিয়োগ করুন। আর্থিক সাক্ষরতা বাড়ান, নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের প্রশিক্ষণে অংশ নিন। বাজার বুঝে চলুন, বিশেষ করে কোম্পানির পারফরম্যান্স ও খবর নিয়মিত পর্যবেক্ষণ করুন।
ধাপ ২ঃ প্রতারণার ‘রেড ফ্ল্যাগ’ চিনুন
| সংকেত | অর্থ |
| কোনো খবর ছাড়াই দাম বেড়ে যাওয়া | কৃত্রিম কারসাজির ইঙ্গিত |
| লোকসান করা কোম্পানিতে হঠাৎ প্রচারণা | দুর্বল শেয়ারের দাম সহজে প্রভাবিত হয় |
| “নিশ্চিত লাভ” বা “ঝুঁকিমুক্ত” প্রতিশ্রুতি | এটি প্রতারণার ক্লাসিক ফাঁদ |
| “এখনই কিনুন” বলে অতিরিক্ত চাপ দেয়া | গুজবের জোরে সিদ্ধান্ত নেওয়ার ফাঁদ |
| অচেনা অ্যাপ বা গ্রুপে যোগদানের আহ্বান | এটি ফিশিং বা প্রতারণার অংশ |
ধাপ ৩ঃ বিনিয়োগের আগে যাচাই করুন
কোম্পানি সম্পর্কে জানুনঃ কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তার আর্থিক প্রতিবেদন, ব্যবসার ধরণ, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে গবেষণা করুন। ব্রোকারের ব্যাপারে খোঁজ নিয়ে নিন এবং শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন করুন । কোনো ব্যক্তি নিজেকে “বিশেষজ্ঞ” বা “উপদেষ্টা” হিসেবে পরিচয় দিলে, নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে তার নিবন্ধন যাচাই করুন ।
ধাপ ৪ঃ আবেগ পরিহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন
প্রতারকরা আপনার জ্ঞানের অভাবের চেয়েও বেশি সুযোগ নেয় আপনার আবেগের। লোভ, ভয়, অধৈর্য—এই আবেগগুলোই বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শত্রু। রাতারাতি ধনী হওয়ার কোনো সহজ পথ নেই। লোভ সংবরণ করুন এবং অস্বাভাবিক লাভের প্রতিশ্রুতি থেকে দূরে থাকুন । শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা হিসেবে দেখুন। স্বল্পমেয়াদী উত্থান-পতনে আতঙ্কিত হয়ে লোকসানে শেয়ার বিক্রি করবেন না বা গুজবে কান দিয়ে শেয়ার কিনবেন না ।
সবশেষে,শেয়ারবাজারে বিনিয়োগ যেমন সম্ভাবনা তৈরি করে, তেমনই এর সাথে ঝুঁকিও জড়িত। প্রতারকরা সবসময়ই সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নেওয়ার জন্য নতুন নতুন কৌশল তৈরি করবে। তবে একজন সচেতন, শিক্ষিত এবং ধৈর্যশীল বিনিয়োগকারী এই ঝুঁকিগুলো অনেকাংশে কমিয়ে আনতে পারেন। গুজবে কান না দিয়ে, নিজের গবেষণার ওপর ভিত্তি করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করাই হলো শেয়ারবাজারে টিকে থাকার এবং সফল হওয়ার মূলমন্ত্র। দ্রুত লাভের লোভ পরিহার করে একটি ডিসিপ্লিনড বিনিয়োগ কৌশল অনুসরণ করলে এই বাজার আপনার জন্য নিরাপদ ও লাভজনক হয়ে উঠতে পারে।
FAQs
প্রশ্ন ১ঃ শেয়ারবাজারে বিনিয়োগের ঝুঁকি কী কী?
উত্তরঃ শেয়ারবাজারে বিনিয়োগের সঙ্গে ঝুঁকি অবিচ্ছেদ্যভাবে যুক্ত। শেয়ারের দাম ওঠানামা করা স্বাভাবিক, তবে প্রতারণা বা অসাধু ব্রোকারের কারণে বিনিয়োগকারীর পুঁজি হঠাৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিনিয়োগের আগে সতর্কভাবে গবেষণা করা এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ২ঃ “নিশ্চিত লাভ”এর শেয়ার কি সত্যিই থাকে?
উত্তরঃ সাধারণত নেই। যারা এমন প্রতিশ্রুতি দেয়, তারা প্রলোভন দেখাচ্ছে। বিনিয়োগের আগে নিজে যাচাই ও বিশ্লেষণ করা ছাড়া এ ধরনের অফার গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রশ্ন ৩ঃ পাম্প অ্যান্ড ডাম্প কীভাবে কাজ করে?
উত্তরঃ এটি হলো প্রতারণার একটি কৌশল, যেখানে প্রতারকরা কোনো শেয়ার সস্তায় কিনে প্রচারণা চালিয়ে দাম বাড়ায়। বিনিয়োগকারীরা লোভে পড়ে শেয়ার কিনলে, প্রতারকরা উচ্চ দামে তাদের শেয়ারগুলো বিক্রি করে চলে যায়। ফলে দাম দ্রুত ধসে পড়ে এবং সাধারণ বিনিয়োগকারীর ক্ষতি হয়।
প্রশ্ন ৪ঃ ইনসাইডার ট্রেডিং কী এবং কেন এটি ক্ষতিকর?
উত্তরঃ ইনসাইডার ট্রেডিং হলো কোম্পানির গোপন তথ্য ব্যবহার করে শেয়ার কেনা বা বিক্রি করা। এতে সাধারণ বিনিয়োগকারীরা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হন। এছাড়া এটি আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ এটি বাজারের উপর বিনিয়োগকারীদের আস্থাকে নষ্ট করে।
প্রশ্ন ৫ঃ প্রতারণা থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায়?
উত্তরঃ সচেতন বিনিয়োগকারী নিজে গবেষণা করে, লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার ব্যবহার করে এবং “নিশ্চিত লাভের” প্রতিশ্রুতি এড়িয়ে চলে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও আবেগ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ঝুঁকি অনেকাংশে কমাতে সাহায্য করে।
প্রশ্ন ৬ঃ বিনিয়োগের আগে কোন উৎসগুলো থেকে তথ্য নেওয়া উচিত?
উত্তরঃ বিনিয়োগের আগে সবসময় নির্ভরযোগ্য এবং প্রফেশনাল উৎস থেকে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এর মধ্যে Bangladesh Securities and Exchange Commission (BSEC), Dhaka Stock Exchange (DSE), লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার এবং বিশ্বস্ত সংবাদপত্র বা অর্থনৈতিক নিউজ সাইট অন্তর্ভুক্ত। সোশ্যাল মিডিয়ার হঠাৎ প্রলোভন বা গুজব থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।
তথ্যসূত্র





