ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু
দেশের পাঁচটি আর্থিকভাবে দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল (রোববার) নতুন ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন দিলে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদান শুরু করবে।
যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে:
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- গ্লোবাল ইসলামী ব্যাংক
- সোশ্যাল ইসলামী ব্যাংক
- এক্সিম ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে থাকা এসব ব্যাংকের আর্থিক অবস্থার ধারাবাহিক অবনতি ঘটছিল। বাজারে তাদের শেয়ারদর ব্যাপকভাবে কমে যায় এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় নেমে আসে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একীভূতকরণের উদ্যোগ গ্রহণ করে।
নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার প্রদান করবে ২০ হাজার কোটি টাকা, আর অন্য ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে গত ৯ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।





