কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) নিহত হয়েছেন। নিহত অটোরিকশাচালকের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় শরিফা বেগমের মেয়ে বৃষ্টি (২৫) আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, নিহত ব্যক্তিরা ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজন আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।
রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।




