দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ১ নভেম্বর ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোগগুলো যেন অর্থের অভাবে থেমে না যায়, সে লক্ষ্যেই এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এর আগে শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ওই বার্তায় তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন—প্রতিটি পর্যায়ে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেকোনো জাতির অগ্রযাত্রায় তরুণ প্রজন্মই প্রধান চালিকাশক্তি।
তরুণদের সম্ভাবনা বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২৫ লাখ স্বকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তাঁদের অনেকে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি আয় করছেন।
প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।
বার্তায় যুব উন্নয়ন কার্যক্রমের ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পায়। ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে তৃণমূল পর্যায়ে যুব কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে দেশের প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন।
বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। ফ্রিল্যান্সিং ও এআইভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইন কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছেন।
এ ছাড়া পরিবেশ সুরক্ষায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। আইএমপ্যাক্ট (IMPACT) প্রকল্পের আওতায় তরুণেরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশি ভাষা শিক্ষার মতো নতুন খাতে প্রশিক্ষণ সম্প্রসারণের ওপরও জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতের জন্য পৃথক বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০০ কোটি টাকার বিশেষ তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের নতুন উদ্যোগ বাস্তবায়ন ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেওয়ার প্রত্যাশা করছে সরকার।
জাতীয় যুব পুরস্কারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমাজ গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পর্যন্ত ৫৪৬ জন স্বাবলম্বী নারী-পুরুষ ও যুব সংগঠককে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বছরের পুরস্কারপ্রাপ্তদেরও অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম আধুনিক ও দক্ষ জনশক্তি গড়ে উঠবে এবং জাতীয় উন্নয়ন, নেতৃত্ব ও অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করার পাশাপাশি তরুণদের নিজেদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।




