দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: ২০২৫–২৬ অর্থবছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি। এ সময়ে কোম্পানি দুটির সম্মিলিত ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৪৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের ২০ হাজার ৩১ কোটি টাকার তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
কোম্পানি দুটি হলো বিএসআরএম স্টিল এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। গত অর্থবছরে কোম্পানি দুটির সম্মিলিত মুনাফা হয়েছে ১ হাজার ৪১৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের ১ হাজার ১৩২ কোটি টাকার চেয়ে ২৮৬ কোটি টাকা বা ২৫ শতাংশের বেশি।
বুধবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। পরে গ্রুপটির ওয়েবসাইটে আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। গ্রুপটির তথ্য অনুযায়ী, কোম্পানি দুটির সম্মিলিত ব্যবসা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
গত অর্থবছরে বিএসআরএম স্টিল এককভাবে ১২ হাজার ৯৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটির ব্যবসার পরিমাণ ছিল ১০ হাজার ৩৬৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে ব্যবসা বেড়েছে ২ হাজার ৫৮২ কোটি টাকা বা প্রায় ২৫ শতাংশ।
অন্যদিকে, বিএসআরএম লিমিটেড গত অর্থবছরে ১০ হাজার ৯৯৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা আগের অর্থবছরের ৯ হাজার ৬৬৪ কোটি টাকার চেয়ে ১ হাজার ৩৩১ কোটি টাকা বা প্রায় ১৪বেশি।
মুনাফার দিক থেকেও দুই কোম্পানির প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বিএসআরএম স্টিলের মুনাফা হয়েছে ৭১৫ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৫১৮ কোটি টাকা। এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯৭ কোটি টাকা বা ৩৮ শতাংশের বেশি।
একই সময়ে বিএসআরএম লিমিটেডের মুনাফা ৬১৪ কোটি টাকা থেকে বেড়ে ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮৯ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৪ শতাংশ।
বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, গত বছর গ্রুপটির তৃতীয় ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ছিল। এতে উৎপাদন ও ব্যবসার পরিমাণ বেড়েছে। পাশাপাশি পরিচালন ব্যয় কমানোর ধারাবাহিক উদ্যোগের কারণে বছর শেষে রেকর্ড ব্যবসার পাশাপাশি ভালো মুনাফা অর্জন সম্ভব হয়েছে।




