দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: নতুন পে-স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাসিক পেনশন সর্বনিম্ন ১৮,০০০ এবং সর্বোচ্চ ৭০,২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। বিদ্যমান পেনশনের পরিমাণ অনুযায়ী পেনশন বাড়বে ৫৫ % থেকে সর্বোচ্চ ১০০ % পর্যন্ত।
নতুন পে-স্কেলসংক্রান্ত গেজেট অনুযায়ী, বর্তমানে ৯,০০০ টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তরা ১০,০০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন।
৯,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে ৭৫ % থেকে ১০০ % বৃদ্ধি করা হয়েছে। তাঁদের সংশোধিত পেনশন হবে ১৮,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত।
বর্তমানে ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৬৫ % থেকে ৭৫ % বাড়িয়ে ৩৫,০০০ টাকা থেকে ৪৯,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তরা ৬০% থেকে ৬৩% বৃদ্ধি পাবেন। তাঁদের সংশোধিত পেনশন হবে ৪৯,০০০ টাকা থেকে ৬২,০০০ টাকা পর্যন্ত।
এ ছাড়া, বর্তমানে ৪০,০০০ টাকা বা তার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য ৫৫ % বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।
তাঁদের সংশোধিত পেনশন হবে ৬২,০০০ টাকা থেকে ৭০,২০০ টাকা পর্যন্ত। তবে যাঁরা ইতোমধ্যে মাসে ৭০,২০০ টাকার বেশি পেনশন পাচ্ছেন, তাঁরা ১ জুলাই ২০২৭ সাল পর্যন্ত অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
দুইটি উৎসব ভাতা
নতুন কাঠামোর আওতায় পেনশনভোগীদের জন্য আগে চালু থাকা বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে অবসরপ্রাপ্ত কর্মচারী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা বছরে দুইটি উৎসব ভাতা পাবেন। প্রতিটি ভাতার পরিমাণ হবে তাঁদের নিট পেনশনের সমান। এ ছাড়া, গেজেট জারির তারিখ পর্যন্ত ১ জুলাই ২০২৬ থেকে প্রাপ্য বকেয়া অর্থ পেনশনভোগীদের দেওয়া হবে।
নতুন পে-স্কেলে পেনশন নির্ধারণ
গেজেট অনুযায়ী, কোনো কর্মচারী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ সালের মধ্যে অবসর-উত্তর ছুটি শেষ করে অবসরে গেলে তাঁর মোট ও নিট পেনশন জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। এ ছাড়া, কোনো কর্মচারীর অবসর-উত্তর ছুটি ৩০ জুন শেষ হলে এবং তিনি ১ জুলাই থেকে অবসরে গেলে তাঁর বেতন ও পেনশনও নতুন পে-স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে।




