দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: মার্কিন সাময়িকী Forbes প্রকাশিত ‘World’s Top Performing Banks 2026’ তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে BRAC Bank। বিশ্বের ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত এ তালিকাটি তৈরি করেছে Forbes ও বাজার গবেষণাপ্রতিষ্ঠান Statista।
ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। Forbes জানিয়েছে, এ ক্ষেত্রে S&P Capital-এর মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, গবেষণা এবং ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।
চারটি প্রধান সূচকের ভিত্তিতে ব্যাংকগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। সূচকগুলো হলো—১। মুনাফা বা Profitability, ২। প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, ৩। মূলধন ও তহবিলের সক্ষমতা এবং ৪। সম্পদের গুণমান ও দক্ষতা
এ ছাড়া সম্পদের আকারের ভিত্তিতে ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংকগুলোকে Tier-1 বা Global Banks এবং ১০ হাজার থেকে ৫০ হাজার কোটি ডলার সম্পদের ব্যাংকগুলোকে Tier-2 বা Large Banks হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।
এভাবে ৫ হাজার থেকে ১০ হাজার কোটি ডলার সম্পদের ব্যাংকগুলো Tier-3, ২ হাজার থেকে ৫ হাজার কোটি ডলার Tier-4, ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলার Tier-5 এবং ৩০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলার সম্পদের ব্যাংকগুলোকে Tier-6 হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
BRAC Bank-এর পক্ষ থেকেও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর,২০২৬) Forbes-এর এই বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।




