দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: প্রবাসী কার্ড চূড়ান্ত করে বিতরণ করা হলে কার্ডধারী প্রবাসী কর্মীরা দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ৩% প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কার্ড চূড়ান্ত করে বিতরণ করা হলে কর্মীরা ৩% প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন। বর্তমানে বৈধ মাধ্যমে দেশে টাকা পাঠালে প্রবাসীরা সরকারের কাছ থেকে ২.৫% নগদ প্রণোদনা পান।
প্রবাসী কার্ডের আওতায় কী কী সুযোগ-সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে নুর বলেন, প্রবাসী কর্মীদের মর্যাদা নিশ্চিত করতে সরকার ১১টি খাত চিহ্নিত করেছে। এ ছাড়া চারটি দেশে বর্তমানে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
বিদেশে কর্মী পাঠানোর জন্য নিয়োগকারী সংস্থাগুলোকে অর্থ দেওয়ার পরও কিছু কর্মীকে অসহায় অবস্থায় ফেলে রাখার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিছু কর্মী বিদেশে গিয়ে কাজ পান না। ফলে তাঁদের দেশে ফিরে আসতে হয় এবং জীবিকা নির্বাহে সংগ্রাম করতে হয়। এ পরিস্থিতিতে তাঁদের পরিবারের সদস্যদেরও জীবিকা চালানোর জন্য অর্থ পাঠাতে হয়।
প্রতিমন্ত্রী আরো জানান, নিয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি শ্রেণিবিন্যাস ব্যবস্থা চালুর চেষ্টা করছে সরকার। এ ব্যবস্থা কার্যকর হলে সর্বোচ্চ ৫০০টি নিয়োগকারী সংস্থা টিকে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নিয়োগকারী সংস্থাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে নিরাপদ ও নির্বিঘ্ন অভিবাসনপ্রক্রিয়া নিশ্চিত করা কঠিন হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর পাঠ্যক্রম সংশোধনের কাজ করছে সরকার।




