ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সহজ ও স্বল্পমূল্যের অর্থায়ন সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএল)-এর সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের খাদ্য মূল্য শৃঙ্খল (ফুড ভ্যালু চেইন) আরও শক্তিশালী করা।
এই অংশীদারিত্বের আওতায় ব্র্যাক ব্যাংক জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত ‘ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর একটি স্বল্পসুদে ঋণ কর্মসূচিতে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাতে এসএমই উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ও প্রতিযোগিতামূলক সুদে অর্থায়নের সুযোগ তৈরি হবে, যা তাদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে।
গত ১৭ ডিসেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল এবং বিআইএফএল-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আবদুল মোমেন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স প্রধান তানভীর কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই অংশীদারিত্ব একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক এসএমই ইকোসিস্টেম গড়ে তোলার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, বিশেষ করে খাদ্য মূল্য শৃঙ্খলে যুক্ত এসএমই উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্পমূল্যের অর্থায়ন টেকসই ব্যবসা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান।
বিআইএফএল-এর অর্থায়ন কাঠামো ও জাইকার উন্নয়নমূলক তহবিলকে কাজে লাগিয়ে ব্র্যাক ব্যাংক এসএমই খাতে স্বল্পমূল্যের মূলধন সরবরাহ করবে, যা বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক পরিবেশে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।



