spot_imgspot_imgspot_imgspot_img

৫১ হাজারের বেশি তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৬৮৩ কোটি টাকার প্রকল্প সরকারের

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি করপোরেট ডেস্ক
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: দেশের বেকার ও চাকরিপ্রত্যাশী তরুণদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ৬৮৩ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় দেশের ১৩টি মহানগরীর ৫১ হাজারের বেশি তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ‘Creating Employment through Freelancing Training for Unemployed Youths in All Metropolitan Cities’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

লক্ষ্য আয়মুখী কর্মসংস্থান

প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে ৬০ থেকে ৭০ শতাংশ প্রশিক্ষণার্থী আয়মূলক কাজে যুক্ত হবে বলে আশা করছে সরকার। দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা গড়ে তোলাই হবে প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণে অনলাইন মার্কেটপ্লেসে কাজের পদ্ধতি, পেশাদার প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি, কাজের জন্য বিড করা, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ এবং কাজ ব্যবস্থাপনার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে তিন থেকে ছয় মাসের মধ্যে আয় শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সফল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট, চাকরির সংযোগ, মেন্টরশিপ ও পরবর্তী সহায়তা দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী কিছু প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বা অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নারীদের জন্য বিশেষ গুরুত্ব

প্রকল্পে নিম্নআয়ের ও পিছিয়ে থাকা তরুণদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট প্রশিক্ষণার্থীর ৩০ থেকে ৪০ শতাংশ নারী রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শুরুতে ঢাকায় একটি কার্যকর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ মডেল তৈরি করে পরে তা অন্যান্য মহানগর ও জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার বলেন, দেশের প্রচলিত চাকরির বাজারে সুযোগ সীমিত হলেও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণরা দেশি-বিদেশি উভয় বাজারে কাজের সুযোগ পাচ্ছেন।

শিক্ষাগত যোগ্যতার চেয়ে দক্ষতাকে গুরুত্ব

প্রকল্পে প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতাকে প্রধান শর্ত হিসেবে রাখা হবে না। মৌলিক কম্পিউটার জ্ঞান এবং শেখার আগ্রহকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সাধারণত তিন মাসের প্রশিক্ষণ কোর্সে বেসিক ও অ্যাডভান্সড—দুটি স্তর থাকবে। ভালো ফল করা প্রশিক্ষণার্থীরা পরবর্তী ধাপে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তবে শুধু প্রশিক্ষণ নিলেই সফলতা নিশ্চিত হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে আগ্রহ, মনোযোগ ও নিয়মিত পরিশ্রম প্রয়োজন।

১৩ মহানগরীতে বাস্তবায়ন

প্রকল্পের আওতায় থাকা ১৩টি মহানগরী হলো—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ।

সরকার মনে করছে, এসব শহরে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক তরুণ পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য অবস্থান করেন। ফলে মহানগরভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বৃহৎ সংখ্যক তরুণকে ডিজিটাল কর্মসংস্থানের আওতায় আনা সম্ভব হবে।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর উদ্যোগ

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে জনমিতিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করছে। তবে বিশেষজ্ঞদের মতে, ২০৩৩ থেকে ২০৪০ সালের মধ্যে এই সুযোগ ধীরে ধীরে কমতে শুরু করতে পারে।

এ কারণে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে দ্রুত দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতি দ্রুত ডিজিটাল কর্মসংস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট তৈরি ও ডেটা প্রসেসিংয়ের মতো কাজে আন্তর্জাতিক চাহিদা বাড়ছে।

সরকারের এই উদ্যোগ সফল হলে একদিকে তরুণদের বৈদেশিক আয়ের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশের ডিজিটাল অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন গতি তৈরি হতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...