নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৫ সেপ্টেম্বর: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের সদস্য ও ব্যাংকটির সাবেক চাকরিচ্যুত কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
সোমবার সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পৃথক কর্মসূচি পালনের জন্য দুই পক্ষ অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
চাকরিচ্যুত কর্মীরা ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
তবে ‘সচেতন গ্রাহক ফোরাম’ চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবির বিরোধিতা করে আসছে। ফোরামের অভিযোগ, এসব কর্মী অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন এবং তাদের পুনর্বহাল করা হলে ব্যাংকের কার্যক্রমে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
চাকরিচ্যুত কর্মীদের একজন শহীদুল ইসলাম দাবি করেন, পুনর্বহালের দাবিতে তারা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে অবস্থান করছিলেন। সেখানে যাওয়ার প্রায় ২০ মিনিট পর গ্রাহক ফোরামের সদস্যরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, হামলায় তাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন এবং আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নূর-উন-নবী মানিক দাবি করেন, চাকরিচ্যুত কর্মীরাই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছেন। এতে ফোরামের প্রায় ৩০ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত বলে তিনি জানান।
তিনি আরও অভিযোগ করেন, চাকরিচ্যুত কর্মীদের ব্যাংকের সঙ্গে কোনো বৈধ সম্পর্ক নেই এবং তাদের আন্দোলনের মাধ্যমে ব্যাংকে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
সূত্রঃ দ্য ডেইলি ষ্টার




